ফেসবুক পেজে খবর দিয়ে খবরের শিরোনামে বাংলাদেশী তরুণ

১৪ জুন, ২০২০ ১৩:৫০  
ফেসবুক পেজে কোভিড-১৯ এর নিউজ নিয়মিত শেয়ার করে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেটস টাইমসের খবরের শিরোনাম হয়েছেন চাঁদপুরের ছেলে ওমর ফারুক শিপন। ফেসবুকে তার পেজটির নাম ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী’। পেজটির বর্তমান অনুসারির সংখ্যা ৫২ হাজারের বেশি। তবে পেজটি েএখনো ভেরিফায়েড নয়। মূলত ইংরেজি পত্রিকায় যেসব জরুরি খবর প্রকাশ হয়, সেগুলো বাংলায় অনুবাদ করে শেয়ার করা হয় এই পেজটিতে। তাই সিঙ্গাপুরের বাংলাভাষীদের কাছে পেজটি বেশ জনপ্রিয়। এখানে সেখানকার প্রবাসী বাংলাদেশীরা নিয়মিত ‘সুখ, দুখ, আনন্দ, বেদনার’ কথা প্রকাশ করেন। স্ট্রেট টাইমসের খবর অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শিপন এক দশক ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। সেখানে তিনি মেরিন সেক্টরে সিনিয়র সেফটি কো-অর্ডিনেটর পদে কর্মরত। কাজের ফাঁকে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা এই পেজে সময় দেন তিনি। এ কাজে তাকে সহায়তা করেন বাংলাদেশি আরেক তরুণ ফজলে এলাহী রুবেল।